আজ শুরু হচ্ছে বাজেট অধিবেশন, ১১ জুন বাজেট পেশ

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ণ
আজ শুরু হচ্ছে বাজেট অধিবেশন, ১১ জুন বাজেট পেশ

নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার (৭ জুন) থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট ও দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট পেশের পর সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন তা পাস হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। এর আগে কার্যউপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে এই অধিবেশনের মোট মেয়াদ ও দৈনিক কার্যসূচি চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই সংসদ সচিবালয় তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

সংসদের প্রথম দিনের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোকপ্রস্তাব উত্থাপন করা হবে। এরপর নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। আজকের প্রশ্নোত্তর তালিকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের নাম রয়েছে। পাশাপাশি বিধি-৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশগুলো নিষ্পত্তি করা হবে। এছাড়া, দেশের জ্বালানি খাতের সার্বিক করণীয় নির্ধারণে গঠিত বিশেষ কমিটির তৈরি প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সংসদ সচিবালয় আরও নিশ্চিত করেছে যে, আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের নতুন জাতীয় বাজেট পেশ করবেন। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে ৩০ জুন তা পাস করা হবে।

বাজেট পেশ ও পাস করার পাশাপাশি চলতি অধিবেশনে দেশের চলমান সংবিধান সংস্কার ইস্যুতেও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। একই সঙ্গে বাকি থাকা সংসদীয় স্থায়ী কমিটিগুলোর গঠন প্রক্রিয়াও চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট আলোচনা পুরোদমে শুরু হওয়ার আগেই সবকটি সংসদীয় স্থায়ী কমিটির গঠন শেষ করতে বিশেষভাবে আগ্রহী।

এদিকে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে শেরেবাংলা নগরের সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

উল্লেখ্য, বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়েছিল। মোট ২৫ কার্যদিবসের সেই অধিবেশনে ৯৪টি বিল পাস করার পাশাপাশি পাঁচটি স্থায়ী কমিটি ও দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বর্তমান এই বাজেট অধিবেশনটিকে সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে বিবেচনা করা হচ্ছে।