সৌদি আরব পৌঁছেছেন ৫৯ হাজার বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১৫২টি ফ্লাইটে চেপে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শনিবার (১৬ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত চারজন নারীসহ মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং চারজন মদিনায় ইন্তেকাল করেছেন। এছাড়া সৌদি মেডিকেল টিমের মাধ্যমে ৩০ হাজার ১২৬ জন এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৭ হাজার ১১০ জন হজযাত্রী এ পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন।
চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন। এই কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছে ৬৬০টি এজেন্সি।
এয়ারলাইন্স ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়—বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৬টি ফ্লাইটে ৩০ হাজার ৭৮ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৫২১ জন এবং ফ্লাইনাস-এর ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। বাকি ১৯ হাজার ৩২৩ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব পৌঁছাবেন।
ঢাকার সৌদি দূতাবাস এ পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর আগে গত ১৭ এপ্রিল ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।