ইনক্লাইন ওয়াকিং কি দৌড়ের চেয়েও ভালো

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
ইনক্লাইন ওয়াকিং কি দৌড়ের চেয়েও ভালো

সুস্থ থাকতে হাঁটা বা দৌড়ানোর কোনো বিকল্প নেই। তবে ওজন কমাতে এবং শরীর ফিট রাখতে ইদানীং 'ইনক্লাইন ওয়াকিং' বা ঢালু পথে হাঁটার জনপ্রিয়তা বাড়ছে। প্রশ্ন হলো, এটি কি সমতলে দৌড়ানোর চেয়েও কার্যকর? স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন-এর মতে, দুটি ব্যায়ামেরই নিজস্ব ভালো ও মন্দ দিক রয়েছে।

সমতলে হাঁটার চেয়ে ইনক্লাইন ওয়াকিংয়ে প্রায় দেড় গুণ বেশি ক্যালরি পোড়ে, যা মেদ কমাতে সহায়ক। দৌড়ানোর সময় হাঁটু বা পায়ের জয়েন্টে যে পরিমাণ চাপ পড়ে, ঢালু পথে হাঁটলে সেই ঝুঁকি অনেক কম থাকে। তাই বয়োজ্যেষ্ঠ বা জয়েন্টের ব্যথায় আক্রান্তদের জন্য এটি নিরাপদ। এটি নিতম্ব ও পায়ের পেশিগুলোকে মজবুত করে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। ট্রেডমিলে ঢাল বাড়িয়ে সহজেই এই ব্যায়াম করা যায়, যা দীর্ঘমেয়াদে বজায় রাখা সহজ।

সমতলে দৌড়ালে হাঁটার তুলনায় দ্বিগুণ বা তারও বেশি ক্যালরি পোড়ানো সম্ভব। তীব্র গতিতে দৌড়ানোর ফলে হাঁটু ও গোড়ালি আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে শারীরিক ফিটনেস ঠিক না থাকলে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। দৌড়ানো একটি উচ্চ তীব্রতার ব্যায়াম হওয়ায় অনেকের পক্ষেই প্রতিদিন এই অভ্যাস ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

ব্যায়াম কেবল কয়েক দিনের জন্য নয়, এটি জীবনযাপনের অংশ হওয়া উচিত। ইনক্লাইন ওয়াকিং শুরু করতে চাইলে প্রথমে ট্রেডমিলের ঢাল ও গতি কম রেখে শুরু করুন, পরে ধীরে ধীরে বাড়ান। সপ্তাহে অন্তত দুদিন পেশি মজবুত করার ব্যায়াম ও ভারসাম্যের ব্যায়াম করা জরুরি। আপনার শরীরের অবস্থা বুঝে যে ব্যায়ামটি আপনার জন্য সুবিধাজনক, সেটিই বেছে নিন।

মন্তব্য করুন