আজ লিপস্টিক দিবস: রূপচর্চার অনুষঙ্গ নাকি প্রতিবাদের ভাষা?

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ
আজ লিপস্টিক দিবস: রূপচর্চার অনুষঙ্গ নাকি প্রতিবাদের ভাষা?
আজ ২৯ জুলাই আন্তর্জাতিক লিপস্টিক দিবস।

জীবনযাপন ডেস্ক: আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি সাজগোজ শেষ করার পর অধিকাংশ নারীরই মনে হয়, ঠোঁটে পছন্দের শেডের একটু রঙ না দিলে পুরো রূপটাই যেন অসম্পূর্ণ। নারী রূপচর্চার এই চিরচেনা ও অবিচ্ছেদ্য অনুষঙ্গটিকে উদযাপনের জন্য আজ ২৯ জুলাই বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘ন্যাশনাল লিপস্টিক ডে’ বা আন্তর্জাতিক লিপস্টিক দিবস। মূলত যুক্তরাষ্ট্রে এর প্রচলন শুরু হলেও বর্তমানে বিশ্বব্যাপী লিপস্টিকপ্রেমীরা দিনটি সাগ্রহে উদযাপন করে থাকেন।

আধুনিক সমাজে লিপস্টিক এখন আর কেবল রূপচর্চার সাধারণ কোনো কেমিক্যাল কিংবা প্রসাধনীতে সীমাবদ্ধ নেই; এটি অনেকের কাছে প্রাত্যহিক জীবনের আত্মবিশ্বাসের এক অদৃশ্য বর্ম, আবার কারো কাছে নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও মনস্তত্ত্ব প্রকাশের মোক্ষম মাধ্যম। অফিস, উৎসব-পার্টি কিংবা আটপৌরে নিত্যদিনের পদচারণায় একটি পছন্দের লিপস্টিক প্রায় সব নারীর ব্যাগেই স্থায়ী জায়গা করে নেয়।

রঙের ছোঁয়ায় লুকিয়ে স্বকীয়তা লাল, গোলাপি, ন্যুড, বাদামি কিংবা গাঢ় ম্যাট—লিপস্টিকের প্রতিটি শেডের রয়েছে নিজস্ব ভাষা ও আবেদন। কেউ সাহসী মনোভাব প্রকাশের জন্য বেছে নেন উজ্জ্বল লাল রঙ, আবার কেউ পছন্দের তালিকায় রাখেন হালকা ও স্বাভাবিক ন্যুড শেড। মনোর বিশেষজ্ঞদের মতে, বিমর্ষ বা মন খারাপের কোনো দিনে কেবল নিজের পছন্দের লিপস্টিকটুকু ঠোঁটে ছুঁইয়ে নিলেই মনোজগতে মুহূর্তেই এক ধরনের ইতিবাচক পরিবর্তন তৈরি হয়।

ইতিহাস ও প্রতিবাদের লিপস্টিক লিপস্টিকের ব্যবহারিক ইতিহাস বহুকালের পুরোনো। প্রায় ৫ হাজার বছর আগে প্রাচীন সভ্যতায় মানুষ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ও গাছের রস দিয়ে ঠোঁট রাঙাত। তবে সময়ের পরিক্রমায় এটি অধিকার আদায়ের হাতিয়ারও হয়েছে। ১৯১২ সালে যুক্তরাষ্ট্রে নারীর ভোটাধিকার আদায়ের ঐতিহাসিক আন্দোলনে অংশ নেওয়া প্রগতির প্রতিকৃতি নারীরা লাল লিপস্টিক ব্যবহার করেছিলেন তাঁদের সুসংগঠিত প্রতিবাদের প্রতীক হিসেবে।

এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ দিনেও সাধারণ মানুষের মনোবল ও আত্মবিশ্বাস চাঙ্গা রাখার উপায় হিসেবে লিপস্টিককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যুদ্ধকালীন কঠিন পরিস্থিতিতেও লিপস্টিকের উৎপাদন অব্যাহত রাখার জোর পক্ষে মতামত দিয়েছিলেন।

যেভাবে উদযাপিত হতে পারে দিনটি লিপস্টিক দিবস উদযাপনের জন্য বিশাল কোনো আনুষ্ঠানিকতার দরকার নেই। নিজের সংগ্রহে থাকা সবচেয়ে পছন্দের লিপস্টিকটি ব্যবহার করা, দীর্ঘদিন ধরে মানাবে কি না ভেবে দ্বিধায় থাকা নতুন কোনো রঙ মেখে পরীক্ষা করা কিংবা প্রিয় শেডটি দিয়ে একটি ছবি তোলাতেই হতে পারে এর উদযাপন। কারণ সিংহভাগ নারীর কাছেই লিপস্টিক শুধু সাজের অনুষঙ্গ নয়—এটি আত্মপ্রেম ও আত্মবিশ্বাসের এক অনন্য দলিল।

মন্তব্য করুন