তীব্র গরমে সুস্থ থাকতে করণীয়

তীব্র গরমে সুস্থ থাকতে করণীয়

ফিচার ডেস্ক: বৈশাখের শুরুতেই তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে হিটস্ট্রোক, সানবার্ন ও পানিশূন্যতার ঝুঁকি বাড়ছে। এই সময়ে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি সতর্কতা ও সঠিক জীবনযাপন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী গরমে সুস্থ থাকার কিছু উপায় নিচে তুলে ধরা হলো:

১. পর্যাপ্ত পানি ও তরল পান: ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়, যা পানিশূন্যতা তৈরি করে। তাই দিনে অন্তত ৮ গ্লাস বিশুদ্ধ পানি পান করা উচিত। ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে ডাবের পানি বা ফলের রস বেশ কার্যকর। তবে রাস্তার খোলা শরবত পরিহার করুন, কারণ এতে ডায়রিয়া বা টাইফয়েডের ঝুঁকি থাকে।

২. খাদ্যাভ্যাসে পরিবর্তন: গরমে শরীর ঠান্ডা রাখতে হালকা ও পুষ্টিকর খাবার খান। মৌসুমি ফল, সবজি ও দই শরীরের জন্য উপকারী। অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার হজমে সমস্যা তৈরি করে, তাই এ সময় তা এড়িয়ে চলাই ভালো।

৩. ঝাল ও মসলাযুক্ত খাবার বর্জন: অতিরিক্ত মসলাযুক্ত খাবার শরীরের অভ্যন্তরীণ তাপ বাড়িয়ে দেয়। এর ফলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। সুস্থ থাকতে কম তেল ও কম মসলার খাবার বেছে নিন।

৪. পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম: গরমের ক্লান্তি দূর করতে প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। রাতে হালকা খাবার খেলে ঘুম ভালো হয়, যা শরীরকে দ্রুত পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।

৫. রোদে সুরক্ষা: বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন (SPF 30-50) ব্যবহার করুন। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক বাঁচাতে ছাতা, টুপি বা সানগ্লাস ব্যবহার করা জরুরি। হালকা রঙের সুতির পোশাক এ সময় সবচেয়ে আরামদায়ক।

সঠিক সচেতনতাই পারে এই তপ্ত গরমে আপনাকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন