দৃষ্টিশক্তি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গের মতো চোখের দৃষ্টিশক্তিও ক্রমে দুর্বল হতে থাকে। ছানি পড়া বা ম্যাকুলার ডিজেনারেশনের মতো সমস্যা এড়াতে কেবল গাজর নয়, বরং আরও কিছু পুষ্টিকর খাবার খাদ্যতালিকায় রাখা জরুরি। ভিটামিন এ, সি, ই, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং লুটেইন সমৃদ্ধ খাবার চোখের স্বাস্থ্যের সুরক্ষায় কাজ করে।
দৃষ্টিশক্তি দীর্ঘস্থায়ী করতে নিচের ৫টি খাবার বিশেষ ভূমিকা রাখতে পারে:
ঢেঁড়স: এটি কেবল একটি সাধারণ সবজি নয়, বরং চোখের জন্য দারুণ উপকারী। এতে থাকা প্রচুর বিটা-ক্যারোটিন, জিয়াজ্যান্থিন ও লুটেইন দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এর অ্যান্টি-অক্সিডেন্ট চোখের কোষকে সুরক্ষা দেয়।
ব্রোকলি: এই সবজিতে লুটেইন ও জিয়াজ্যান্থিন নামক শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। নিয়মিত ব্রোকলি খেলে চোখের রেটিনা ভালো থাকে। এটি সালাদ বা সবজি হিসেবে নিয়মিত খাওয়া যেতে পারে।
লেবুজাতীয় ফল: কমলা, লেবু ও জাম্বুরার মতো ফলে প্রচুর ভিটামিন সি থাকে। এই ভিটামিন চোখের সূক্ষ্ম রক্তনালিগুলোকে সুস্থ রাখে এবং ছানি পড়ার ঝুঁকি কমায়।
তিসি বীজ: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের একটি চমৎকার উৎস হলো তিসি বীজ। এটি চোখের স্নায়ু শক্তিশালী করার পাশাপাশি 'ড্রাই আই' বা চোখের শুষ্কতা দূর করতে সাহায্য করে।
আমন্ড ও আখরোট: বাদাম জাতীয় খাবারে প্রচুর ভিটামিন ই ও জিঙ্ক থাকে। এগুলো নিয়মিত খেলে বয়সের কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়।
বিশেষজ্ঞদের মতে, কেবল ওষুধ বা চশমার ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাসে এই পরিবর্তনগুলো আনলে দীর্ঘ সময় চোখ ভালো রাখা সম্ভব।
জান্নাত/সকালবেলা
|