যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান, বললেন শাহবাজ শরিফ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান, বললেন শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত বহুল আলোচিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তান শুধু আয়োজকের ভূমিকা পালন করেনি, বরং পুরো আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্বও দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সংলাপে দেওয়া নিজের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং পুরো সংলাপ প্রক্রিয়ায় দেশটি চীনের পূর্ণ সমর্থন পেয়েছে। তিনি জানান, চীন ছাড়াও তুরস্ক ও সৌদি আরবও এই সংকট নিরসনে এবং আলোচনাপ্রক্রিয়াকে এগিয়ে নিতে পাকিস্তানের পাশে ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, এই তিন মিত্র দেশ একযোগে কাজ করে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং কূটনৈতিক প্রক্রিয়াকে গতিশীল করতে সর্বোচ্চ সহযোগিতা করেছে।

সংলাপের গতিপ্রকৃতি ও অগ্রগতি উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো এর আগে কখনো সরাসরি আলোচনার টেবিলে বসেনি। তবে প্রাথমিক অচলাবস্থা কাটার পর তারা এখন আলোচনার কারিগরি বা প্রযুক্তিগত ধাপগুলো এগিয়ে নেওয়ার কাজে যুক্ত রয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের এই কূটনৈতিক ভূমিকার ওপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের সব প্রচেষ্টার মূল লক্ষ্যই ছিল সংলাপের পথকে শক্তিশালী করা এবং বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় কার্যকর অবদান রাখা।

মন্তব্য করুন