যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না: ইরান

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। (ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের নিজেদের খেয়ালখুশিমতো যুদ্ধ শুরু কিংবা শান্তির সময় নির্ধারণ করার সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মন্তব্য করেছেন যে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে নিজেদের তৈরি করা সংকটে এখন নিজেরাই আটকে গেছে।

গতকাল রোববার (২৬ জুলাই) আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘেই এসব কথা বলেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, ওয়াশিংটন নিজেদের ইচ্ছা অনুযায়ী একতরফাভাবে যুদ্ধ থামানো বা শুরু করার কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

এর আগে একই দিন (রোববার) ইরানের সামরিক মুখপাত্র আমির মোহাম্মদ আকরামিনিয়া নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টানা দুই রাত ধরে হামলা স্থগিত রাখার পর তেহরানও তাদের পাল্টা সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রেখেছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর একটি বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীকে ইরানে নতুন করে আক্রমণ না চালানোর নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্টের এই নির্দেশের পরই গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরানের ওপর চলা নিয়মিত হামলা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক হামলা চালালে এর কড়া জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম লক্ষ্য করে তেহরানও পাল্টা আক্রমণ শুরু করে। এর ফলে উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা ছড়িয়ে পড়ে, যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

মন্তব্য করুন