সিডনির লেকাম্বায় সড়ক দুর্ঘটনায় ২ পথচারী আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ণ
সিডনির লেকাম্বায় সড়ক দুর্ঘটনায় ২ পথচারী আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার বাংলাদেশি-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সিডনির লেকাম্বায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে দ্য বুলেভার্ড সড়কে ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় আহতদের পরিচয় ও জাতীয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বাংলাদেশিদের নাম উঠে এলেও তদন্ত-সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত আহতদের নাম, জাতীয়তা কিংবা পারিবারিক পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, লেকাম্বার দ্য বুলেভার্ড সড়কের নির্ধারিত পথচারী পারাপারের স্থানে একটি নিয়ন্ত্রণহীন গাড়ি দুই পথচারীকে সজোরে ধাক্কা দেয়। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করে।নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টার দিকে লেকাম্বার দ্য বুলেভার্ড সড়কে জরুরি সহায়তার ফোন আসে। ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায়, একটি সাদা রঙের টয়োটা টারাগো গাড়ি পথচারী পারাপারের স্থানে দুইজনকে সজোরে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি অডি গাড়িকে সশব্দে ধাক্কা মারে। আশপাশের নিরাপত্তা ক্যামেরায় (সিসিটিভি) দুর্ঘটনার কিছু দৃশ্য ধারণ হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়। এর মধ্যে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা শেষে লিভারপুল হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া প্রায় ৬০ বছর বয়সী অপর এক পুরুষ পথচারীকে উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন দুই পথচারীর শারীরিক অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অন্যদিকে, দুর্ঘটনাকবলিত টয়োটা টারাগো গাড়িটির চালক—যাঁদের বয়স ৮২ বছর, তাঁকেও চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃদ্ধ চালককে বাধ্যতামূলক স্বাস্থ্য ও রক্ত পরীক্ষার আওতায় আনা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।দুর্ঘটনার পর পরই নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পসি পুলিশ এলাকা কমান্ড ঘটনাস্থলকে ‘অপরাধস্থল’ (Crime Scene) ঘোষণা করে বিস্তারিত তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ, গাড়ির গতিসীমা, পথচারীরা পারাপারের সময় কোনো অসাবধানতা ছিল কি না অথবা গাড়িটিতে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল কি না—তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।একই সাথে ঘটনার প্রত্যক্ষদর্শী এবং যেসব গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় (Dashcam) দুর্ঘটনার দৃশ্য রেকর্ড হয়ে থাকতে পারে, তাদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও আলামত বিশ্লেষণের মাধ্যমে তদন্ত শেষেই ঘটনার মূল দায় নির্ধারণ করা হবে।

মন্তব্য করুন