কোটালীপাড়ায় গভীর নলকূপের অভাব: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ
কোটালীপাড়ায় গভীর নলকূপের অভাব: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গভীর নলকূপের তীব্র সংকটে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। ফলে চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রায় ২ লাখ ৪৩ হাজার ৭২৬ জন অধ্যুষিত এবং ১২টি ইউনিয়নের ৫৭ হাজার ৪০৯টি খানা (পরিবার) নিয়ে গঠিত এ উপজেলায় নিরাপদ খাবার পানির তীব্র সংকট চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গভীর নলকূপ না থাকায় সাধারণ মানুষ অগভীর নলকূপের পানি ব্যবহারে বাধ্য হচ্ছেন। ফলে পানিতে আর্সেনিকের উপস্থিতিসহ সর্দি, কাশি ও আমাশয়ের মতো নানা পানিবাহিত রোগে ভুগছেন অনেকে।

অনেক জায়গায় অগভীর নলকূপগুলোও অকেজো হয়ে পড়ে আছে। বাধ্য হয়ে অনেকে পুকুরের পানি ফুটিয়ে কিংবা দূর-দূরান্ত থেকে হেঁটে পানি এনে তৃষ্ণা মেটাচ্ছেন, যা তাঁদের জন্য চরম কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

পানির তীব্র সংকট প্রসঙ্গে কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বিজন বিহারী বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে উপজেলা থেকে প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় বিশুদ্ধ পানির সংকট থাকা সত্ত্বেও তিনি ইউনিয়নের বাসিন্দাদের জন্য গভীর নলকূপের ব্যবস্থা করতে পারছেন না।

গৌরনদী স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রভাষক নিরঞ্জন বিশ্বাস আক্ষেপ প্রকাশ করে বলেন, "পানি মানুষের জীবনের মৌলিক চাহিদা। অথচ বিশুদ্ধ পানির অভাবে আমাদের নিয়মিত স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে। সরকারের উচিত দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।"

গভীর নলকূপের সংকটের কথা স্বীকার করে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহগুফতা হক জানান, দীর্ঘদিন ধরে কোটালীপাড়ায় নতুন কোনো গভীর নলকূপের সরকারি বরাদ্দ মেলেনি। বর্তমানে তাঁর দপ্তরে প্রায় দুই থেকে তিন হাজার আবেদন জমা পড়ে আছে। নতুন বরাদ্দ পাওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন