সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দৃষ্টি ফিরল ৩১ জনের

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ণ
সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দৃষ্টি ফিরল ৩১ জনের

রুপম চাকমা, দীঘিনালা (খাগড়াছড়ি): পাহাড়ি জনপদে দুর্গম ও সুবিধাবঞ্চিত ৩১ জন পাহাড়ি-বাঙালি রোগী সফল চিকিৎসা ও অস্ত্রোপচার শেষে পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের সার্বিক মানবিক ব্যবস্থাপনায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

গতকাল সোমবার (২৭ জুলাই ২০২৬) চট্টগ্রাম চক্ষু হাসপাতাল থেকে সফল অস্ত্রোপচার শেষে রোগীরা দীঘিনালা জোনে পৌঁছে স্বজনদের মাঝে ফিরে যান। এ সময় সেনাসদস্য ও স্বজনদের মধ্যে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চোখের জটিলতায় ভোগা এসব দরিদ্র বাসিন্দার অর্থাভাবে উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছিল না। সেনাবাহিনীর সার্বিক উদ্যোগে তাদের চট্টগ্রাম চক্ষু হাসপাতালে পাঠানো হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সফল অস্ত্রোপচার শেষে নিরাপদে নিজ এলাকায় ফিরিয়ে আনা হয়।

চোখে আলো ফিরে পেয়ে উচ্ছ্বসিত রোগীরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহযোগিতা না পেলে হয়তো তাঁদের সারাজীবন অন্ধকারেই কাটাতে হতো। এখন তাঁরা আবারও স্বাভাবিক জীবন ও কর্মক্ষমতায় ফিরে আসতে পারবেন।

দীঘিনালা জোন সূত্রে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে স্থানীয় অসহায় মানুষের পাশে সেনাবাহিনীর এই মানবিক সহায়তার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন