সিরাজদিখানে ক্লাসে মোবাইল ফোন নিষিদ্ধ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
সিরাজদিখানে ক্লাসে মোবাইল ফোন নিষিদ্ধ

আসিফ বাঁধন, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ক্লাস চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং পাঠদান চলাকালে শিক্ষকদেরও মোবাইল ব্যবহারে বিরত থাকতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত এক আনুষ্ঠানিক নির্দেশনামা জারি করা হয়।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ জানান, গত ২১ জুলাই উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক মতবিনিময় সভার সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে। মূলত শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল আসক্তি কমানো, শ্রেণিকক্ষে মনোযোগ বৃদ্ধি এবং সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কোনো শিক্ষার্থীর নিকট মোবাইল ফোন পাওয়া গেলে অভিভাবককে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে কেবল অতি জরুরি প্রয়োজনে শিক্ষকের অনুমতি সাপেক্ষে ফোন ব্যবহারের সুযোগ থাকবে। অন্যদিকে, শ্রেণিকক্ষে পাঠদানে ব্যাঘাত না ঘটাতে শিক্ষকদেরও ক্লাস চলাকালে ফোন ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ম অমান্য করলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা। হাজী আবুবকর সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরোদ রঞ্জন রায় জানান, প্রশাসনের নির্দেশনাটি আমরা নোটিশের মাধ্যমে প্রচার করেছি; সিরাজদিখানে শিক্ষার পরিবেশ উন্নত করতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

অভিভাবক মো. রুহুল আমিন বলেন, বর্তমানে মোবাইলের অপব্যবহার কিশোর-কিশোরীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটাচ্ছে। প্রশাসনের এই যুগোপযোগী সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় আগের চেয়ে অনেক বেশি মনোযোগী হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন