সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস
মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) প্রায় ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করেছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ আনুষ্ঠানিকভাবে এসব মাদক আগুনে পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি সীমান্ত পাহারায় দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে মাদক একটি বহুমাত্রিক সামাজিক ব্যাধি, যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধ আবশ্যক।"
বিজিবি সূত্রে জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪১ জন চোরাকারবারিকে আটক এবং ৫১ কোটি ৮৫ লাখ টাকার বেশি মূল্যের পণ্য জব্দ করা হয়। যার মধ্যেই ছিল ধ্বংস করা এই ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ১৫ হাজার ৭৮ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৬৫৪ পিস ইয়াবা, ২১ লাখের বেশি অবৈধ ওষুধ, ১ কেজি হেরোইন, ক্রিস্টাল মেথ (আইস) ও তরল এলএসডিসহ বিভিন্ন মাদক সামগ্রী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ। এ সময় জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও কাস্টমস দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|