আলোচনার জন্য আকুতি জানিয়েছিল যুক্তরাষ্ট্র: আরাগচি

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
আলোচনার জন্য আকুতি জানিয়েছিল যুক্তরাষ্ট্র: আরাগচি

সকালবেলা অনলাইন: মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান চরম উত্তেজনার আবহেই এক বিস্ফোরক দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুদ্ধাবস্থা শুরুর পর প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করলেও মাত্র ২০ দিনের মাথায় আলোচনার জন্য ওয়াশিংটনকেই আকুতি জানাতে হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এ দাবি করেন।

মার্কিন প্রশাসনের আগের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আরাগচি বলেন, "যুদ্ধের সূচনাপর্বে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র দুটি শব্দে লিখেছিলেন—'নিঃশর্ত আত্মসমর্পণ'। এটাই ছিল ইরানের কাছে তাদের মূল দাবি। অথচ মাত্র ২০ দিন অতিক্রান্ত হতেই সেই একই শত্রুকে আলোচনার টেবিলে বসার জন্য হাত জোড় করতে হয়েছে।"

ইরানের এই শীর্ষ কূটনীতিকের বিস্ফোরক বক্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন দুদেশের সামরিক ও ভূ-রাজনৈতিক সম্পর্ক এক জটিল মোড়ে অবস্থান করছে।

আরাগচির মন্তব্য অনুসারে, শুরু থেকে ওয়াশিংটন যে সামরিক চড়াও ভাব দেখিয়ে আসছিল, ইরানের শক্ত প্রতিরোধের মুখেই পরবর্তীতে তারা কূটনীতির ও আলোচনার প্রয়োজনীয়তা স্বীকার করতে বাধ্য হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন