বাগেরহাট সদর হাসপাতালে এ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, দগ্ধ ১

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ
বাগেরহাট সদর হাসপাতালে এ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, দগ্ধ ১

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও পরবর্তীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ ভস্মীভূত হওয়াসহ পাশে থাকা আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক অগ্নিদগ্ধ হলেও কোনো রোগী, চিকিৎসক কিংবা হাসপাতালের কর্মী হতাহত হননি।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার পর হাসপাতালের প্রধান ফটকের কাছে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেশিখা ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশে রাখা আটটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। আকস্মিক বিস্ফোরণে পুরো হাসপাতাল চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগী ও স্বজনরা ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুরজ্জামান জানান, "দুপুর ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে মূল হাসপাতাল ভবনে আগুন ছড়াতে পারেনি।"

হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, "অ্যাম্বুলেন্স থেকে আগুন লেগে হাসপাতালের গেটে রাখা কর্মকর্তা-কর্মচারীদের আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে, তবে সৌভাগ্যবশত কোনো রোগীর ক্ষতি হয়নি।"

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন।

রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল জানান, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। গ্যাস লিকেজের আসল কারণ জানতে ফায়ার সার্ভিস তদন্ত চালাচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন