ভারতে ‘বেগুন ভর্তা’ খেয়ে ৩ বোনের রহস্যজনক মৃত্যু

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ণ
ভারতে ‘বেগুন ভর্তা’ খেয়ে ৩ বোনের রহস্যজনক মৃত্যু

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনায় প্রাণ হারিয়েছে তিন নাবালিকা বোন। পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে স্বজনেরা মরদেহ দাফন করে দেওয়ায় ঘটনাটি ঘিরে তীব্র ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনার আসল কারণ উন্মোচনে নিহত শিশুদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় পুলিশ ও প্রশাসন।

শনিবার (২২ আগস্ট) ছাতারপুর জেলার ঈশানগর থানা এলাকার পিপোরা খুরদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নিহত শিশুরা হলো—পুনম (৭), মনীষা (৩) এবং মাত্র ৯ মাস বয়সী শিশু চাহত। তারা সবাই স্থানীয় বাসিন্দা বালমুকুন্দ কুশওয়াহার কন্যা।

প্রাথমিক তথ্যের বরাতে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সবাই একসঙ্গে রাতে খাবার খায়। শিশুদের মেন্যুতে ছিল বেগুন ভর্তা ও রুটি। তবে সেই খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই স্বজনেরা পুলিশ কিংবা স্থানীয় প্রশাসনকে খবর না দিয়ে গোপনে শিশুদের দাফন সম্পন্ন করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ছাতারপুরের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা (সিএমও) আর পি গুপ্তাসহ পুলিশ, রাজস্ব বিভাগ এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) একটি বিশেষ প্রতিনিধিদল গ্রামে গিয়ে পরিদর্শনে যান।

স্বাস্থ্য কর্মকর্তা আর পি গুপ্তা জানান, ঠিক কোন পরিস্থিতিতে ৩ শিশুর প্রাণহানি ঘটেছে তা উদ্ঘাটনে কাজ করছে একাধিক প্রশাসনিক টিম। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। বিষক্রিয়ার উৎস অনুসন্ধানে নিহতদের স্বজনদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ফরেনসিক নমুনা সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন