আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি বিদ্যালয়ের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে এবং আরও ৯৭ জন আহত হয়েছে। স্থানীয় হাসপাতালের এক শীর্ষ চিকিৎসা কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ জানান, হতাহতের এই হিসাব প্রাথমিক পর্যায়ের এবং পরবর্তী সময়ে এ সংখ্যা আরও পরিবর্তন হতে পারে।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মাওলভি সামিউল হক জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে (গ্রিনিচ মান সময় ৫টা ৩০ মিনিট) প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়িতে বিস্ফোরণটি ঘটে। তিনি উল্লেখ করেন, বাড়িটি খননকাজের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির মালিকানাধীন ছিল এবং সেখানে ডিনামাইট মজুত রাখা হয়েছিল। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে এ মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।
ঘটনার পরপরই কুনার প্রদেশের একটি তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেছে। পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এই প্রদেশে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে গ্রেনেড হামলার ঘটনায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল।
সূত্র: জিও নিউজ, আলজাজিরা
এআইএল/সকালবেলা