খামেনির জানাজায় উপস্থিত থাকবেন ৬০০ বিদেশি সাংবাদিক
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ার সংবাদ সংগ্রহ করতে বিশ্ব মিডিয়ার প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ইরানে উপস্থিত থাকবেন। আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
গত বুধবার (১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি এই তথ্য নিশ্চিত করেছেন।
আব্বাস সালেহি জানান, সর্বোচ্চ নেতার বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে গণমাধ্যম, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের অন্তত ৬০০ সাংবাদিক ও প্রতিনিধি এই ঐতিহাসিক ঘটনার প্রতিটি মুহূর্ত বিশ্ববাসীর কাছে সরাসরি তুলে ধরবেন।
ইরানি মন্ত্রীর দাবি, খামেনির জানাজা কেবল একজন অবিসংবাদিত নেতাকে জাতির শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়; এটি ইরানের জাতীয় শক্তি, সামাজিক সংহতি এবং শত্রুদের মোকাবিলায় ইসলামি প্রজাতন্ত্রের প্রতিরোধক্ষমতার এক অভূতপূর্ব বহিঃপ্রকাশ। এই ঐতিহাসিক মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে দেশটির শীর্ষ প্রামাণ্যচিত্র নির্মাতাদের একটি বিশেষ দল একটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র নির্মাণ করছে।
ইরানি প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত তেহরানে মূল জানাজার কর্মসূচি চলবে, যার মধ্যে থাকবে ১০ কিলোমিটার দীর্ঘ এক বিশাল শোকযাত্রা। এরপর ৭ জুলাই পবিত্র শহর কোমে, ৮ জুলাই প্রতিবেশী দেশ ইরাকে এবং সর্বশেষ ৯ জুলাই ইরানের মাশহাদে দাফনের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর পাশাপাশি ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফ শহরেও পৃথক বিশেষ শোকসভার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র: ইরনা ইংলিশ
এআইএল/সকালবেলা
|