থাইল্যান্ডে পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধ সন্ন্যাসী নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ণ
থাইল্যান্ডে পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধ সন্ন্যাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন বৌদ্ধ সন্ন্যাসী প্রাণ হারিয়েছেন। ধর্মীয় পদযাত্রায় অংশ নেওয়া একদল সন্ন্যাসীর ওপর একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তুলে দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ৩৫ জন বৌদ্ধ সন্ন্যাসী এবং পাঁচজন সাধারণ অনুসারী একটি ধর্মীয় তীর্থযাত্রার অংশ হিসেবে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি অনিয়ন্ত্রিত পিকআপ ট্রাক তাঁদের ওপর তুলে দেওয়া হয়।

দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী সন্ন্যাসী ফ্রা সোমপং বলেন, "আমি একটি পিকআপ ট্রাককে অত্যন্ত দ্রুতগতিতে আমাদের দিকে এগিয়ে আসতে দেখে মনে মনে 'বুদ্ধো, বুদ্ধো' মন্ত্র জপ করছিলাম। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি আমাদের শোভাযাত্রার ওপর উঠে যায়। আমি এবং আরেকজন সন্ন্যাসী শেষ মুহূর্তে লাফ দিয়ে পাশে সরে গিয়ে আত্মরক্ষা করতে পারলেও পেছনের অনেকেই তীব্র গতিতে আসা ট্রাকটির ধাক্কায় ছিটকে পড়েন।"

উদ্ধারকারী ও পুলিশ কর্মকর্তারা জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পাঁচজন সন্ন্যাসীর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। আহত বাকি ২০ জনের চিকিৎসা চলছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

থাইল্যান্ড পুলিশ তাদের প্রাথমিক তদন্ত শেষে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ওই পিকআপ ট্রাকটি চালাচ্ছিল মাত্র ১১ বছর বয়সী এক শিশু। সে তার বাবা-মায়ের অজান্তে গাড়িটি নিয়ে রাস্তায় বের হয়েছিল এবং একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটায়। এই ঘটনায় অবহেলার দায়ে শিশুটির অভিভাবকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটির পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন