সৌদি আরামকোর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৪
অনলাইন ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি ‘আরামকো’র একটি হেলিকপ্টার পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়ে ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ (এসপিএ) ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
আজ রবিবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৬টার দিকে হরমুজ প্রণালির পশ্চিমে পারস্য উপসাগরে সৌদি আরবের পূর্ব উপকূলে অবস্থিত ‘রাস তানুরা’ তেল টার্মিনালের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে চালক ও ক্রুসহ মোট ১৪ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতদের সবাই সৌদি আরবের নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার (২৬ জুন) থেকেই রাস তানুরা টার্মিনালে আরামকো তাদের অপরিশোধিত তেল লোডিংয়ের কার্যক্রম পুনরায় শুরু করেছিল। কার্যক্রম চালুর মাত্র দুদিনের মাথায় এই বড় ধরনের বিপর্যয় ঘটল।
এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। কারিগরি ত্রুটি নাকি বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে দেশটির জ্বালানি মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট একাধিক নিরাপত্তা ও বিমান চলাচল কর্তৃপক্ষের অংশগ্রহণে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|