আসিম মুনিরকে হত্যার ছক নস্যাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
আসিম মুনিরকে হত্যার ছক নস্যাৎ

অনলাইন ডেস্ক: সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন চলাকালীন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার লক্ষ্যে ইসরায়েলের একটি সুপরিকল্পিত হামলা নস্যাৎ করে দিয়েছে পাকিস্তানি সামরিক গোয়েন্দারা। ব্রাজিলীয় প্রখ্যাত সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার সম্প্রতি এই চাঞ্চল্যকর দাবি করেছেন, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেবানিজ-অস্ট্রেলীয় রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফালের সাথে এক লাইভ আলোচনায় এসকোবার এই বিস্ফোরক তথ্য ফাঁশ করেন।

পেপে এসকোবারের দাবি অনুযায়ী, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মূলত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং ওই সম্মেলনে অংশ নেওয়া উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদলকে টার্গেট করেছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশেই মোসাদ সুইজারল্যান্ডে এই গুপ্তহত্যার নীলনকশা তৈরি করে।

তবে অনুষ্ঠান শুরুর আগেই পাকিস্তানি সামরিক গোয়েন্দারা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এই গোপন ষড়যন্ত্রের খবর পেয়ে যায় এবং তাৎক্ষণিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করে।

এসকোবার তাঁর সূত্রের বরাত দিয়ে বলেন, “ঘটনা জানার পরপরই পাকিস্তানিরা তাদের মধ্যস্থতাকারী দেশ ওমানের কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ইসরায়েলকে সরাসরি একটি চরম সতর্কবার্তা পাঠায়। বার্তায় সাফ জানিয়ে দেওয়া হয়— ‘যদি আপনারা আমাদের প্রতিনিধিদলের একজন সদস্যকেও স্পর্শ করেন, তবে আমরা পাল্টা হামলায় ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব’।” এই কড়া বার্তার পরই মোসাদ তাদের মিশন থেকে পিছিয়ে আসতে বাধ্য হয় বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির সুইজারল্যান্ডের বুর্গেনস্টক সফর করেছিলেন।

মধ্যপ্রাচ্য ও এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যকার এই চরম উত্তেজনার বিষয়টি প্রকাশ পেলেও, ইসরায়েল বা পাকিস্তানের কোনো সরকারি কর্মকর্তা এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। এছাড়া সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র বা পাকিস্তানের নিরাপত্তা কর্তৃপক্ষও এই শীর্ষ সম্মেলন চলাকালীন কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর বা উদ্বেগ প্রকাশ্যে আনেনি।

সূত্র: এনডিটিভি

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন