ফ্রান্সে মসজিদ বন্ধের আদেশে আন্তর্জাতিক নিন্দা

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ
ফ্রান্সে মসজিদ বন্ধের আদেশে আন্তর্জাতিক নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে কুরআনের আয়াত আলোচনা ও ধর্মীয় গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়ার অভিযোগে একটি মসজিদ ছয় মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছেন দেশটির আদালত। রাষ্ট্রীয় এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

প্যারিসের নিকটবর্তী অলনে-সু-বোয়া এলাকার 'শঁতেলুপ মসজিদ' বন্ধের নির্দেশ স্থগিত চেয়ে করা আবেদন সম্প্রতি খারিজ করে দেন মঁত্রেয়িল প্রশাসনিক আদালত। আদালতের রায়ে জানানো হয়, সেন-সাঁ-দেনি বিভাগের প্রিফেক্টের জারি করা নির্দেশ অনুযায়ী আগামী জানুয়ারি পর্যন্ত মসজিদটি বন্ধ থাকবে।

মসজিদের পক্ষে আইনি লড়াইয়ে থাকা ফরাসি মানবাধিকার আইনজীবী রফিক শেক্কাত এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, মসজিদের ইমামরা বক্তব্য দেওয়ার সময় কুরআনের ৭টি আয়াত এবং ত্রয়োদশ শতাব্দীর খ্যাতনামা ইসলামি পণ্ডিত ইমাম আন-নববীর কালজয়ী গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ এসব বক্তব্যকে ‘উগ্রপন্থী’ আখ্যা দিয়ে আইনি পদক্ষেপ নেয়। বিশেষ করে 'পরকালের শাস্তি' ও 'জাহান্নাম' সম্পর্কিত সনাতন ধর্মীয় আলোচনাকে অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে।

আইনজীবী প্রশ্ন তোলেন, ফ্রান্সে মুসলিম ইমামরা তাঁদের ধর্মীয় আলোচনায় কুরআন বা হাদিস থেকে উদ্ধৃতি দেওয়ার স্বাধীনতা রাখেন কি না। এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ প্রশাসনিক আদালত 'স্টেট কাউন্সিল'-এ আপিলের ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা 'কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস' (সিএআইআর)। সংগঠনটি একে সরাসরি ধর্মীয় নিপীড়ন হিসেবে অভিহিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ফ্রান্সে বিতর্কিত নিরাপত্তা আইনের মাধ্যমে মুসলিম প্রতিষ্ঠানগুলোর ওপর রাষ্ট্রীয় নজরদারি বৃদ্ধির অভিযোগ দীর্ঘদিনের। ২০২০ সাল থেকে এ পর্যন্ত সরকারের চরমপন্থা বিরোধী অভিযানের অংশ হিসেবে দেশজুড়ে অর্ধশতাধিক মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

 সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন