দাবদাহে ফ্রান্সে অন্তত ৫৫ জনের মৃত্যু

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ
দাবদাহে ফ্রান্সে অন্তত ৫৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসসহ ইউরোপের বড় একটি অংশে জেঁকে বসেছে তীব্র দাবদাহ। এই অসহনীয় গরম থেকে বাঁচতে গিয়ে ফ্রান্সে পানিতে ডুবে এ পর্যন্ত অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্সের পাশাপাশি ইউরোপের অন্য দেশগুলোতেও নেওয়া হচ্ছে জরুরি ও সতর্কতামূলক ব্যবস্থা। আজ শনিবার (২৭ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তীব্র গরম থেকে বাঁচতে হুট করে শীতল পানিতে ঝাঁপিয়ে ঝুঁকি না নেওয়ার জন্য নাগরিকদের সতর্ক করেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি। সরকারি সম্প্রচারমাধ্যম ‘ফ্রান্সইনফো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পানিতে ডুবে মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ৬৫ শতাংশেরই বেশি এমন সব স্থানে ঘটেছে, যেখানে কোনো তদারকির ব্যবস্থা ছিল না কিংবা যেসব স্থান সাঁতারের জন্য অনুমোদিত নয়।” তিনি সবাইকে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, দাবদাহের কারণে দেশে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তীব্র দাবদাহের মুখে ফ্রান্সের কয়েক হাজার স্কুল ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল, নার্সারি এবং ডে-কেয়ার সেন্টারগুলোকে শীতল রাখতে দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ ও জ্বালানি সংস্থা ‘ইডিএফ’ ৮ কোটি ইউরো (৯ কোটি ১২ লাখ ডলার) বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থ দিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে ১০ হাজার প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ফ্যান, ঠান্ডা পানির সূক্ষ্ম কণা ছড়ানোর যন্ত্র (মিস্টিং ডিভাইস) এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হবে।

এছাড়া অতিরিক্ত গরমের কারণে প্যারিস ও লিওঁ শহরের বিখ্যাত প্রাইড প্যারেড ও মার্চ আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। অতিরিক্ত জনসমাগমে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর অত্যধিক চাপ পড়ার আশঙ্কায় পুলিশ এই নির্দেশনা জারি করেছে।

এদিকে তীব্র দাবদাহের কারণে জার্মানির রাজধানী বার্লিনেও সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বার্লিনের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তীব্র গরমের কারণে বার্লিন ফিলহারমোনিক অর্কেস্ট্রা তাদের মৌসুমসমাপনী কনসার্টে শিল্পীদের চিরাচরিত পোশাকের বিধিনিষেধ শিথিল করেছে। পুরুষ শিল্পীরা জ্যাকেট ছাড়াই কালো শার্ট পরে এবং হাতা গুটিয়ে পারফর্ম করতে পারবেন। নারী শিল্পীদের ক্ষেত্রেও লম্বা হাতার পোশাক পরার নিয়ম শিথিল করা হয়েছে।

নেদারল্যান্ডসে এই সপ্তাহান্তে অনুষ্ঠিত হতে যাওয়া ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল ‘ডেফকন.১’ দাবদাহের কারণে বাতিল করেছেন আয়োজকরা। তবে এই ঘোষণা আসার আগেই আমস্টারডাম থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পূর্বের অনুষ্ঠানস্থলে প্রায় ৫০ হাজার দর্শনার্থী হাজির হয়েছিলেন। হঠাৎ করে উৎসব বাতিলে ক্ষুব্ধ হয়ে দর্শনার্থীদের কেউ কেউ সেখানে ভাঙচুর চালালেও পরে তারা শান্তিপূর্ণভাবে এলাকা ছেড়ে যান।

মন্তব্য করুন