দিল্লির রাস্তায় ‘চলো সংসদ’ মিছিল: সিজেপির সঙ্গে বৈঠকের পর মুখ খুললেন জেপি নাড্ডা

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
দিল্লির রাস্তায় ‘চলো সংসদ’ মিছিল: সিজেপির সঙ্গে বৈঠকের পর মুখ খুললেন জেপি নাড্ডা

অনলাইন ডেস্ক: ভারতের মেডিকেল কলেজে ভর্তির জাতীয় প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি ২০২৬’ (NEET-UG)-এর প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে উত্তাল দিল্লির রাজপথ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিনিধিদলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা। বৈঠকের পর আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে পরিস্থিতি স্বাভাবিক করার অনুরোধ জানিয়েছে ভারত সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে জে.পি. নাড্ডা জানান, বিক্ষোভকারীদের পক্ষ থেকে আসা অনুরোধের ভিত্তিতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সেই আলোচনায় সিজেপির প্রতিনিধি দল একটি লিখিত আবেদন জমা দিয়েছে।

নাড্ডা আরও জানান, লিখিত আবেদনের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে জনসাধারণের ভোগান্তি কমাতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিক্ষোভকারীদের আন্দোলন গুটিয়ে নেওয়ার অনুরোধ জানান তিনি।

এদিকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বৈঠকের সত্যতা স্বীকার করে জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার কাছে নিট-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বিভিন্ন নিয়োগ পরীক্ষার গোলযোগ এবং সিবিএসই দ্বাদশ শ্রেণির পোর্টাল বিভ্রাটের বিশদ বিবরণসহ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের লিখিত দাবি পেশ করা হয়েছে।

তবে সরকার থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়া যায়নি উল্লেখ করে সৌরভ দাস বলেন, "আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, গত সোমবার থেকে দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচির ডাক দিয়ে জন্তর মন্তরে অবস্থান নেন হাজার হাজার বিক্ষোভকারী। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও আন্দোলনকারীরা সংসদের দিকে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, যার ফলে পুরো মধ্য দিল্লি অচল হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের মতো কঠোর পদক্ষেপ নেয় পুলিশ, এমনকি সাময়িকভাবে বন্ধ রাখা হয় ইন্টারনেট সেবাও।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, মুখপাত্র সৌরভ দাস এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো সহ শীর্ষ নেতারা এখনও কেরালা হাউসের সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে অনশনের ২৩তম দিনে দাঁড়িয়ে সোনম ওয়াংচুকও পুলিশের বলপ্রয়োগের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মন্তব্য করুন