হরমুজ প্রণালিতে ইরানের ২টি ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ
হরমুজ প্রণালিতে ইরানের ২টি ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টাকালে ইরানের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম এনবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ইরান হামলার চেষ্টা চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী ইরানের দুটি ‘একমুখী হামলাকারী ড্রোন’ গুলি করে ভূপাতিত করে। এই ঘটনার পর প্রণালিতে বর্তমানে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। তবে কোন কোন জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বা এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে এই ড্রোন ভূপাতিতের ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেন, ইরানের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটাতে একটি ঐতিহাসিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন।

ট্রাম্প জানান, চুক্তিটি খুব শিগগিরই, সম্ভবত এই সপ্তাহের শেষেই স্বাক্ষরিত হতে পারে। ইউরোপে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার।

কূটনৈতিক মহলে যখন ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে হরমুজ প্রণালিতে ড্রোন ভূপাতিতের এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।

মন্তব্য করুন