উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক: উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে শিক্ষকদের আরও দক্ষ ও যুগোপযোগী করে তুলতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর ইউল্যাব ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং’ (সিইটিএল) এবং ‘অফিস অব ফ্যাকাল্টি রিসার্চ’ (ওএফআর)-এর যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক শামসাদ মোর্তজা। বিশ্ববিদ্যালয়ের ৩০ জনেরও বেশি শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “এআইয়ের যুগে মানুষের নিজস্ব সক্ষমতা ও নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে। এআইয়ের দাস হওয়া যাবে না, বরং এটিকে কাজে লাগিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।” তিনি দ্রুত বদলে যাওয়া আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সবাইকে খাপ খাইয়ে নেওয়ারও আহ্বান জানান।

প্রশিক্ষণের প্রথম অধিবেশনের মূল বিষয় ছিল ‘টিচিং উইথ এআই: পেডাগজিক্যাল শিফটস, পসিবিলিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন হায়ার এডুকেশন’। এই সেশনটি পরিচালনা করেন ইউল্যাবের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের জ্যেষ্ঠ প্রভাষক ইরাম মেহরিন।

অধিবেশনে শ্রেণিকক্ষে এআই ব্যবহারের নৈতিক দিক, এর প্রভাব, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে বিষদ আলোচনা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষকদের জন্য ‘ফ্যাক্ট বনাম মিথ’ শিরোনামে একটি ইন্টারঅ্যাকটিভ কুইজেরও আয়োজন করা হয়, যেখানে এআই নিয়ে প্রচলিত নানা ভুল ধারণা তুলে ধরা হয়। পাশাপাশি জেনারেটিভ এআই টুলের ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং ক্লড ও নোটবুকএলএম-এর মতো টুলের তুলনামূলক আলোচনা উপস্থাপন করা হয়।

ইউল্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী তিন সপ্তাহ ধরে চলবে। পর্যায়ক্রমে এতে এআইভিত্তিক শিক্ষা-প্রযুক্তি, একাডেমিক কনটেন্ট ও মিডিয়া প্রডাকশন, লার্নিং অ্যানালিটিকস, গবেষণা এবং একাডেমিক লেখালেখিসহ উচ্চশিক্ষায় এআইয়ের ভবিষ্যৎ নিয়ে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হবে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন