নিজের ছোট্ট দুনিয়াতেই খুব সুখে আছি: সোনাক্ষী সিনহা

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ণ
নিজের ছোট্ট দুনিয়াতেই খুব সুখে আছি: সোনাক্ষী সিনহা

বিনোদন ডেস্ক: বাণিজ্যিক ধারার সিনেমা থেকে সরে এসে এখন নিজের অভিনয় জীবনের নতুন এক পর্যায় উপভোগ করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। চরিত্রের মান ও ব্যক্তিগত তৃপ্তিকে প্রাধান্য দেওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও মানসিকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সোনাক্ষী বলেন, “আমি এখন এমন একটি জায়গায় আছি, যেখানে শুধু নিজের জন্যই কাজ করি। যে কাজ আমাকে আনন্দ দেয়, সেটাই করি। এর বাইরেও আমার জীবন পরিপূর্ণ। পছন্দের কাজ না এলেও আমি আমার এই ছোট্ট দুনিয়াতে খুব সুখে আছি।” তিনি জানান, অতীতে পেশাগত প্রয়োজনে বা অন্যদের খুশি করার জন্য অনেক ছবিতে কাজ করলেও, এখন তিনি শতভাগ সচেতনভাবে শুধু নিজের পছন্দসই চরিত্রই বেছে নিচ্ছেন।

গত কয়েক বছরে সোনাক্ষীর চরিত্র নির্বাচনে ভিন্নতা স্পষ্ট। ‘দাহাড়’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় থেকে শুরু করে ‘হীরামান্ডি’র তবায়েফ কিংবা অশ্বিনী আইয়ার তিওয়ারির নতুন ছবি ‘সিস্টেম’-এ আইনজীবীর চরিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ‘সিস্টেম’ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী।

ছবিটির প্রচারণার সময় পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি সোনাক্ষীকে হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও কেট উইন্সলেটের সঙ্গে তুলনা করেছেন। এ বিষয়ে সোনাক্ষী বিনয়ের সঙ্গে বলেন, “আমি পরিচালককে ফোন করে বলেছিলাম, তুমি আমার ওপর অনেক বড় চাপ তৈরি করে দিলে! তবে এমন গুণী অভিনেত্রীদের সঙ্গে তুলনা করা হলে সত্যিই অনেক ভালো লাগে।”

সোনাক্ষীর কথায়, কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে কাজের মান বজায় রাখাই এখন তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন