আর্জেন্টিনা হারায় বিয়ে ভাঙল পরীমনির, হারের পর প্রতিক্রিয়া নায়িকার

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ণ
আর্জেন্টিনা হারায় বিয়ে ভাঙল পরীমনির, হারের পর প্রতিক্রিয়া নায়িকার

বিনোদন প্রতিবেদক : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। প্রিয় দলের এই পরাজয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের মতো মন ভেঙেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিরও। আর এর সঙ্গেই আপাতত স্থগিত হয়ে গেল পরীমনির বহু আলোচিত ‘পুনরায় বিয়ের পরিকল্পনা’।

আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মজাচ্ছলে একটি বার্তা দেন পরীমনি। সেখানে তিনি লেখেন, "বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।"

পোস্ট করার পরপরই সেটি নেটিজেনদের নজর কাড়ে। কমেন্ট অপশন বন্ধ থাকলেও প্রায় কয়েক ঘণ্টার মধ্যে অর্ধলক্ষাধিক প্রতিক্রিয়া এবং প্রচুর শেয়ার হয় পোস্টটিতে।

কথা প্রসঙ্গে নিজের অনুভূতির কথা জানিয়ে পরীমনি বলেন, "ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে বিয়ের আগেই সব হিসেব বদলে গেল। আর্জেন্টিনার জন্য মনটা সত্যিই খুব খারাপ। এই দলটির সাথে গভীর ইমোশন ও ভালোবাসা জড়িয়ে আছে। তবে বিশ্বাস করি হার মানেই শেষ নয়। পরের বিশ্বকাপে আরও শক্তভাবে ফিরে আসবে আর্জেন্টিনা। আর মেসি তো একটা মায়া, তার জন্য সবসময় ভালোবাসা।"

উল্লেখ্য, সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি ঘোষণা দিয়েছিলেন, "আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।" তাঁর দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং গণমাধ্যম ও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফাইনালের আগে সেই বিয়ের পোস্ট নিয়ে বেশ চর্চা ও রসিকতাও হয়েছিল। তবে শেষ পর্যন্ত স্পেনের কাছে আর্জেন্টিনার হারের মধ্য দিয়ে পরীমনির আলোচিত সেই বিয়ের পর্বেরও আপাতত সমাপ্তি ঘটল।

মন্তব্য করুন