দেশে বিনোদনের সঙ্কট নিয়ে মুখ খুললেন আসিফ আকবর
বিনোদন ডেস্ক: সমসাময়িক নানা ইস্যুতে সরব থাকা জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবার দেশের বিনোদন, সংস্কৃতি চর্চা এবং সংগীতের বিকাশ নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বিনোদনকে দেশের মানুষের জন্য ‘ষষ্ঠ মৌলিক চাহিদা’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন।
আসিফ লেখেন, “জনবহুল বাংলাদেশে ষষ্ঠ মৌলিক চাহিদা হিসেবে বিনোদনকে স্বীকৃতি দেওয়াটা জরুরি মনে করি। দেশে মানুষের বিনোদনের খুব সঙ্কট রয়েছে। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশে বিনোদনের কোনো বিকল্প নেই। বিনোদনের অভাবই মানুষের মধ্যে হিংস্রতা, জিঘাংসা এবং হতাশার জন্ম দেয়। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমেই মূলত মননশীলতার বিকাশ ঘটানো সম্ভব, যা সারা বিশ্বে স্বীকৃত একটি কার্যকরী পন্থা।”
নিজের পোস্টে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। তিনি লিখেন, “৭৯/৮০ সালে চট্টগ্রামের মিউজিশিয়ানদের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিটিং করেছিলেন। তিনি দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টসের চর্চার ওপর জোর দিয়েছিলেন এবং আমদানিকরের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছিলেন। মূলত সেই সিদ্ধান্তের কারণেই ৯০-এর দশকে বাংলাদেশে ব্যান্ড সংগীতের বিপ্লব ঘটেছিল।”
বর্তমান সরকারের প্রশংসা করে আসিফ আরও বলেন, “২০২৬/২৭ অর্থবছরের বাজেটে পূর্ব আরোপিত ৫% শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে এআই মিউজিকের যে ভৌতিক অবস্থা তৈরি হয়েছে, তা থেকে বাঁচতে ওয়েস্টার্ন যন্ত্রপাতির চর্চা বাড়ানো আমাদের সংগীতের ভিত্তিকে আরও শক্তিশালী করবে।”
চলমান ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে ১৩টি দেশই মুসলিম। বিশ্বের সব মুসলিম দেশেই সংগীতসহ সব ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা চলে। তাই পশ্চাৎপদতায় না গিয়ে আমাদের বিশ্বের সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করেই সমৃদ্ধ হতে হবে।”
পরিশেষে, বর্তমান সরকারের কাছে সারা দেশে একটি টেকসই ও মজবুত সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করার আহ্বান জানান এই শিল্পী। আসিফের এই বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং অনেক নেটিজেন তার এই চিন্তাধারার সঙ্গে সহমত পোষণ করেছেন।
জান্নাত সকালবেলা
|