একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে বলে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এর আগে গতকাল বুধবারও স্বর্ণের দাম এক দফা বৃদ্ধি করা হয়েছিল, যা আজ পুনরায় সমন্বয় করা হলো।

স্বর্ণের মূল্য বৃদ্ধির নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় দাঁড়িয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার সকালে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একদিনের ব্যবধানে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনায় এনে দাম আরও এক ধাপ বাড়ানোর সিদ্ধান্ত নিল সংগঠনটি।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। অন্যদিকে, গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়। ঘন ঘন দাম পরিবর্তনের ফলে অলংকার তৈরিতে আগ্রহী সাধারণ ক্রেতাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করেই নিয়মিত এই মূল্য সমন্বয় করা হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন