মে মাসে রপ্তানি আয়ে পতন, ৭ শতাংশ কমে ৪.৪০ বিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক: দেশের রপ্তানি আয়ে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার কারণে সদ্য সমাপ্ত মে মাসে বাংলাদেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমে ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আজ বুধবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইপিবি-র তথ্য অনুযায়ী, মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। পোশাকের এই চালান কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে পুরো অর্থবছরের আয়ের ওপরও। চলতি অর্থবছরের জুলাই-মে পর্যন্ত ১১ মাসে সার্বিক রপ্তানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ, যার ফলে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে।
প্রতিবেদনে আরও দেখা যায়, এই ১১ মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ৪১ শতাংশ কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে ঠেকেছে।
সংশ্লিষ্টরা জানান, এর আগে টানা ৮ মাস ওপরে থাকার পর বা পতনের পর গত এপ্রিলে দেশের রপ্তানি আয় কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু মে মাসে এসে আবারও বড় পতন ঘটায় সেই ইতিবাচক ধারা আর বজায় রাখা সম্ভব হয়নি।
|