দক্ষিণখানে দিনদুপুরে গ্রিল কেটে ডেন্টাল টেকনোলজিস্টকে হত্যা ও স্বর্ণালংকার লুট
অনলাইন প্রতিবেদক: রাজধানী ঢাকার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দিনদুপুরে বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে সারা রোকসানা পিনু নামের এক নারী ডেন্টাল টেকনোলজিস্টকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর নিহতের ব্যবহৃত ও গচ্ছিত বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে আততায়ীরা।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার একটি আবাসিক ভবনে এ বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
নিহত সারা রোকসানা পিনু কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ভূঁইয়াবাড়ি এলাকার শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে। তিনি পেশায় একজন ডেন্টাল টেকনোলজিস্ট ছিলেন।
নিহতের স্বজন ও ছেলের দেওয়া তথ্যমতে, ঘটনার সময় নিহতের ছেলে বাসায় উপস্থিত ছিলেন না। পরে বাসায় ফিরে তিনি তাঁর মাকে গেস্ট রুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা বারান্দা বা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং বালিশচাপা দিয়ে রোকসানাকে শ্বাসরোধে হত্যা করে। হত্যা শেষে ঘরে রাখা সমস্ত নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। স্বর্ণালংকার ও অর্থ লুটের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছিল বলে ধারণা করছে নিহতের পরিবার।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রতিদিনের মতো নিহত নারী তাঁর ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার কথা থাকলেও তিনি না যাওয়ায় মেয়েটি কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই বাসায় ফিরে আসে। সেখানে ঘরের পরিস্থিতি অস্বাভাবিক দেখে স্কুলেই ফিরে গিয়ে শিক্ষককে বিষয়টি জানায়। পরে শিক্ষক তাঁর বাবাকে (নিহতের স্বামী) খবর দিলে ঘটনাটি জানাজানি হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
|