ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে ডিএনসিসি

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ণ
ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে ডিএনসিসি
মিরপুরে ডিএনসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক: তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় রাজধানী ঢাকাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও সম্পূর্ণ দুর্গন্ধমুক্ত পরিষ্কার নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (১৫ আগস্ট, ২০২৬) সকালে রাজধানীর মিরপুর-০২ এলাকায় 'পরিষ্কার-পরিচ্ছন্ন সপ্তাহ' বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অভিযান উদ্বোধনের পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, "একটি বাসযোগ্য ও তিলোত্তমা নগরী গঠনের জন্য কেবল সিটি কর্পোরেশনের ওপর নির্ভর করলে চলবে না। সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ নাগরিক সমাজকেও নিজেদের শহর পরিষ্কার রাখার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।"

তিনি আরও ঘোষণা করেন, পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে প্রতি শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রতিটি স্কুল, কলেজ ও গণপরিসরে ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে তিনি ঢাকাবাসীকে নিজ নিজ বাড়ির আঙিনা ও চারপাশ পরিচ্ছন্ন রাখতে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন, 'ফিক্সড ইট ডিএনসিসি' (Fixed It DNCC) অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে উত্তর ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি দ্রুত এবং মানসম্মত পর্যায়ে উন্নীত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তা, পরিচ্ছন্নতাকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন