ঈদের দিন ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় সকাল থেকে হালকা বৃষ্টি এবং দুপুরের পর মাঝারি ধরনের বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৬ মে) আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা অনেক বেশি হতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও এর আশপাশের এলাকায় ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও সাময়িক দুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩০ মে পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর জুনের শুরু থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে। ঈদের দিন জামাতে অংশ নিতে এবং কুরবানির আনুষ্ঠানিকতার জন্য বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
|