মেট্রো স্টেশনের নিচে ‘বোমাসদৃশ’ বস্তু: মিরপুর ১০ ও ফার্মগেটে আতঙ্ক
অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার ব্যস্ততম দুটি এলাকা মিরপুর ১০ নম্বর এবং ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে ‘বোমাসদৃশ’ বস্তু পাওয়ার খবরে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
আজ শনিবার (১ আগস্ট) দুপুরে এই সন্দেহজনক বস্তুগুলোর খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন এবং কড়া নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলেন।
সন্দেহজনক ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে মিরপুর ১০ এবং ফার্মগেট—এই দুটি মেট্রো রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। হঠাৎ ট্রেন ও স্টেশন বন্ধ এবং ভারী পুলিশের উপস্থিতিতে সাধারণ যাত্রী ও পথচারীদের মধ্যে চরম ভীতির সৃষ্টি হয়।
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক নিশ্চিত করে জানান, একই সাথে মিরপুর ও তেজগাঁও (ফার্মগেট) দুটি পৃথক স্থানে বোমাসদৃশ বস্তু থাকার তথ্য পাওয়া গেছে। খবর পেয়েই সিটিটিসির বিশেষায়িত ‘বোমা নিষ্ক্রিয়কারী দল’ (Bomb Disposal Unit) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে বস্তুলো প্রকৃতপক্ষে কোনো বিস্ফোরক কি না।
স্থানীয় ও মেট্রো রেল সূত্র জানায়, ফার্মগেট মেট্রো রেল স্টেশনের যাত্রী ওঠা-নামার জন্য নির্ধারিত নির্দেশনামূলক ডিজিটাল বোর্ডের ঠিক ওপরে একটি পরিত্যক্ত সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন নিরাপত্তা কর্মীরা। এরপর সন্দেহ জাগলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়।
বর্তমানে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে বম্ব ডিসপোজাল ইউনিট তাদের সুইপিং ও তল্লাশি অভিযান জোরদার করেছে।
|