ধানমন্ডি লেক থেকে মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে ধানমন্ডি থানা পুলিশ। নিহত ব্যক্তি পেশায় একজন মার্কেটিং কনসালট্যান্ট ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি সালাউদ্দিন আহমেদের ছেলে এবং ভাটারা থানা এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের 'আবেশ হোটেল'-এর পেছনের ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় মরদেহের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে তার পরিবারকে খবর দেওয়া হয়। পরে নিহতের স্ত্রী শাহানা জাবিন খান এসে জাবেদ আহমেদের পরিচয় নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, জাবেদ আহমেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং এর ফলে মারাত্মক আর্থিক সংকট ও মানসিক বিপর্যস্ততায় ভুগছিলেন।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক ও প্রকৃত কারণ জানা যাবে।