জিপিএ-৫ পেয়ে ঝিনাইদহ মাতিয়ে দিল যমজ দুই ভাই
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় ঝিনাইদহের কোটচাঁদপুরে অসাধারণ সাফল্য অর্জন করেছে যমজ দুই ভাই তাছলিম আহমেদ ও তাওফিক আহমেদ। সদ্য প্রকাশিত ফলাফলে তারা উভয়েই জিপিএ ৫ অর্জন করে উপজেলার মুখ উজ্জ্বল করেছে।
পরীক্ষায় মোট ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে তাছলিম আহমেদ পেয়েছে ১ হাজার ১৯৫ নম্বর, যা পুরো কোটচাঁদপুর উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জনের রেকর্ড। অন্যদিকে তার যমজ ভাই তাওফিক আহমেদ পেয়েছে ১ হাজার ১৮০ নম্বর। দুই ভাইয়ের প্রাপ্ত নম্বরের ব্যবধান মাত্র ১৫।
তাছলিম ও তাওফিক কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তারা কোটচাঁদপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক আহমেদ ও কোটচাঁদপুর বাজে বামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন সুলতানা দম্পতির সন্তান। দুই সন্তানের এমন জোড়া অর্জনে আনন্দিত অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।
শিক্ষার্থীদের প্রতিভা সম্পর্কে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেন, "তাছলিম ও তাওফিক শুধু পড়াশোনাতেই নয়; খেলাধুলা, কুইজ ও বিজ্ঞান চর্চায় অত্যন্ত পারদর্শী। তারা দুজনই বিদ্যালয়ের সেই সাতজন খুদে বিজ্ঞানীর অংশ, যারা নাসা (NASA)-য় গবেষণামূলক প্রতিবেদন পাঠিয়ে বাংলাদেশের মধ্যে দশম গ্রেডে প্রথম স্থান অর্জন করেছিল। তাদের এই ধারাবাহিক সফলতায় আমরা অত্যন্ত গর্বিত।"
কৃতী শিক্ষার্থী তাছলিম আহমেদ মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলে, "বাবা-মা ও শিক্ষকদের নিরলস দিকনির্দেশনা এবং কঠোর অধ্যবসায়ের ফলেই আমাদের এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফল করে যেন দেশের সেবা করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।"
শিক্ষার্থীদের বাবা ফারুক আহমেদ বলেন, "স্কুলের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও ছেলেদের কষ্টের ফসল এই জিপিএ ৫। তারা যেন ভবিষ্যতে আরও বড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা।"
উল্লেখযোগ্য যে, চলতি বছর কোটচাঁদপুর উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি মাদ্রাসা থেকে সর্বমোট ১ হাজার ৫০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৮ জন এবং সার্বিকভাবে উত্তীর্ণ হয়েছে ৮৭৬ জন পরীক্ষার্থী।
এআইএল/সকালবেলা
|