কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ফল প্রকাশ

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

বুধবার (১৮ মার্চ ২০২৬) বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীস্থ বেফাক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর গড় পাসের হার ৮০.৯৫ শতাংশ এবং মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২,৮৬,৫৯১ জন।

বেফাক সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় ৫৩,৫০০ জন শিক্ষার্থী 'মুমতায' (স্টার মার্ক) পেয়েছেন। এছাড়া 'জায়্যিদ জিদ্দান' (প্রথম বিভাগ) ৫৫,৭৪৭ জন, 'জায়্যিদ' (দ্বিতীয় বিভাগ) ৬৫,৬৭৩ জন এবং 'মাকবুল' (তৃতীয় বিভাগ) পেয়েছেন ১,১১,৬৭১ জন শিক্ষার্থী। কওমি মাদরাসার শিক্ষার্থীরা বেফাকের নিজস্ব রেজাল্ট ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ তাদের ব্যক্তিগত ফলাফল দেখতে পারবেন। 

উল্লেখ্য যে, বর্তমানে শুধু ২০২৬ সালের নতুন ফলাফল প্রদর্শন করা হচ্ছে; তবে ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত পুরনো ফলাফলগুলো আগামী শাওয়াল মাস থেকে ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে।

এবারের কেন্দ্রীয় পরীক্ষা গত ১৭ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছিল। কওমি মাদরাসার ৫৯৮টি ছাত্র ও ১৩৩৮টি ছাত্রী দরসিয়াত কেন্দ্রসহ হিফজ ও তাজবিদ বিভাগ মিলিয়ে মোট ৭টি স্তরে পরীক্ষা গ্রহণ করা হয়। 

এতে সর্বমোট ৩,৫৪,০৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে দরসিয়াত বিভাগে ছাত্র ১,০৩,৫৮৪ জন এবং ছাত্রী ২,০৯,২৪২ জন। এছাড়াও হিফজ বিভাগে ৩৭,৬৮৫ জন ছাত্র ও ২,৪৭৪ জন ছাত্রী এবং ইলমুত তাজবিদ বিভাগে ১,০৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।

মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কওমি মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় বেফাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন