আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর খন্দকার মোস্তাক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ ব্রিগেড কমান্ডার ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আকর্ষণীয় প্যারেড অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ ইসিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর মো. সিদ্দিক সেলিম, ১৬ ইবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম এবং ৩১ বীর ও আলীকদম সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, "কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয়, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী করে তোলে।" বক্তব্য শেষে তিনি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ছাড়াও আলীকদম সেনা জোনের বিভিন্ন পদবীর সামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের নান্দনিক ডিসপ্লে ও ক্রীড়া নৈপুণ্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন