মুহাম্মদ (সা.)-কে শেষনবী না মানলে কেউ মুসলিম থাকতে পারবে না: দেওবন্দের মুহতামিম
স্টাফ রিপোর্টার: ইসলামের অন্যতম প্রধান মৌলিক ভিত্তি হলো হযরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর সর্বশেষ নবী ও রাসুল হিসেবে বিশ্বাস করা। পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর স্পষ্ট নির্দেশের আলোকে যে ব্যক্তি শেষ নবীর চূড়ান্ত নবুয়ত অস্বীকার করবে কিংবা অন্য কাউকে নবী বলে মনে করবে, সে ইসলামের মৌলিক আকাইদের বাইরে চলে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর আফতাবনগর মাদ্রাসায় আয়োজিত 'খতমে নবুওয়াত কনফারেন্স'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির নায়েবে আমির ও আফতাবনগর মাদ্রাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং মাওলানা ফয়সাল ওমর ফারুকের সঞ্চালনায় এ বৈশ্বিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান, কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমদ রশিদ, মাওলানা ড. জহিরুল ইসলাম, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা শুয়াইব ইব্রাহিম, মুফতি আব্দুল মাজীদ, মুফতি আবু যর, মাওলানা ইলিয়াস কাসেমী ও মুফতি ইমরানুল বারী সিরাজীসহ বিশিষ্ট আলেম-ওলামারা।
বক্তব্যে দেওবন্দের মুহতামিম আকাবিরে দেওবন্দের ধারায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে মুসলিম উম্মাহর ঈমান ও আকাইদের পবিত্রতা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন। তিনি বলেন, কাদিয়ানীসহ সব অপশক্তি ও বিভ্রান্তিকর আদর্শ রোধে দাওয়াত, যুক্তি এবং হেকমতের মাধ্যমে সমাজে সঠিক আকীদার বার্তা ছড়িয়ে দিতে হবে।
সর্বস্তরের উলামায়ে কেরাম ও সাধারণ তাওহিদি জনতাকে খাঁটি ইসলামী আদর্শ ও আকাবিরে দেওবন্দের পথ অনুসরণ করে ব্যক্তিসত্তার পাশাপাশি পরিবার ও সমাজ পুনর্গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
এআইএল/সকালবেলা
|