কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জ ডিসিকে স্মারকলিপি প্রদান

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জ ডিসিকে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের পৃথক ধর্মীয় পরিচয় ব্যবহারের আইন প্রণয়নসহ চার দফা দাবিতে কিশোরগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) বরাবর গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ও হেফাজতে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন। এর আগে গত ৫ সেপ্টেম্বর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরের মহাসম্মেলন থেকে এসব গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

স্মারকলিপিতে জানানো হয়, হযরত মুহাম্মাদ (সা.)-কে শেষ নবী হিসেবে বিশ্বাস করা ঈমানের অপরিহার্য শর্ত হলেও কাদিয়ানী সম্প্রদায় তা অস্বীকার করে মুসলিম পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। দাবিনামার মধ্যে রয়েছে—কাদিয়ানীদের জন্য পৃথক ধর্মীয় পরিচয়ের আইনি বাধ্যবাধকতা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ সব সরকারি নথিতে তা উল্লেখ নিশ্চিতকরণ এবং ইসলামী পরিভাষা ও মসজিদের ব্যবহার বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। স্মারকলিপিটি গ্রহণ করে জেলা প্রশাসন বিষয়টিকে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পাঠানোর আশ্বাস দিয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন