পবিত্র কাবা ধোয়া হবে ৩০ জুন: বিশেষ প্রস্তুতি শুরু
ধর্ম ডেস্ক: পবিত্র কাবা শরীফ ধৌতকরণের ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ জুন। প্রতি বছরের মতো এবারও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পবিত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ইতিমধ্যেই এই ধৌতকরণ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কাবার ভেতরের অংশে যাতায়াতের সুবিধার জন্য ইতিমধ্যে কাবা শরীফের দরজার গিলাফের অংশটি ওপরে তুলে দেওয়া হয়েছে। মূলত ফজরের নামাজের পর এই ঐতিহ্যবাহী ধৌতকরণ অনুষ্ঠান শুরু হয়। এতে সৌদি আরবের বাদশাহ অথবা তাঁর নিযুক্ত বিশেষ প্রতিনিধি নেতৃত্ব দিয়ে থাকেন। অনুষ্ঠানের অংশ হিসেবে মুসলিম বিশ্বের শীর্ষ আলেম, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন।
কাবার ভেতরের দেয়াল ও মেঝে ধোয়ার এই কাজটি একটি আধ্যাত্মিক দায়িত্ব। এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয় পবিত্র জমজমের পানি এবং অত্যন্ত দামি সুগন্ধি। এবারের ধৌতকরণে ৪০ লিটার জমজমের পানির সঙ্গে ৫৪০ মিলিলিটার তায়েফি গোলাপ জল, ২৪ মিলিলিটার প্রিমিয়াম গোলাপ তেল, ২৪ মিলিলিটার খাঁটি উদ তেল এবং ৩ মিলিলিটার কস্তুরী মেশানো হবে।
সাধারণত বছরে দুইবার কাবা শরীফ ধোয়ার এই উৎসব পালিত হয়—প্রথমবার পবিত্র রমজান মাসের আগে এবং দ্বিতীয়বার পবিত্র হজ শেষ হওয়ার পর মহররম মাসের শুরুতে। কাবার ভেতরে প্রবেশের সুযোগ অত্যন্ত সীমিত হওয়ায়, এই ধৌতকরণ অনুষ্ঠানের দৃশ্য বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে এক গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।
জান্নাত সকালবেলা
|