হজে গিয়ে মৃত্যু নিয়ে হাদিসে যা বলা আছে

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ
হজে গিয়ে মৃত্যু নিয়ে হাদিসে যা বলা আছে

ইসলামের অন্যতম ফরজ বিধান হজ পালন করতে গিয়ে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক মুসল্লি পবিত্র মক্কায় মৃত্যুবরণ করেন। ইসলামী শরিয়তে হজের সফরে বিশেষ করে ইহরাম অবস্থায় মৃত্যুবরণকারীদের জন্য অত্যন্ত সম্মান ও ফজিলতের কথা বর্ণিত হয়েছে।

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিসে এই বিশেষ মর্যাদার বিষয়টি ফুটে উঠেছে। তিনি বলেন, আরাফাতের ময়দানে এক ব্যক্তি উট থেকে পড়ে মৃত্যুবরণ করলে রাসুলুল্লাহ (স.) নির্দেশ দেন—তাকে বরই পাতার পানি দিয়ে গোসল করাতে হবে। ইহরামের দুই টুকরো কাপড়েই কাফন দিতে হবে। শরীরে কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। তার মাথা ঢাকা যাবে না।

রাসুলুল্লাহ (স.) এর কারণ হিসেবে বলেন, ‘কেয়ামতের দিন সে তালবিয়া (লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক) পাঠরত অবস্থায় পুনরুত্থিত হবে।’ (সহিহ বুখারি: ১২৬৫, সহিহ মুসলিম: ১২০৬)

ইসলামী চিন্তাবিদদের মতে, মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন সে অবস্থাতেই পুনরুত্থিত হবে। যেহেতু ওই ব্যক্তি ইবাদতে মগ্ন অবস্থায় মারা গেছেন, তাই মহান আল্লাহ তাকে হজের বিশেষ লেবাস ও জিকিররত অবস্থাতেই জীবিত করবেন। এটি ওই ব্যক্তির জন্য বিশাল এক সৌভাগ্যের প্রতীক। কিয়ামতের কঠিন সময়ে যখন সবাই আতঙ্কিত থাকবে, তখন এই ব্যক্তি হাজির বেশে আল্লাহর ডাকে সাড়া দিতে দিতে ময়দানে উপস্থিত হবেন।

ইহরাম অবস্থায় কেউ মারা গেলে সাধারণ লাশের মতো তাকে সুগন্ধি লাগানো হয় না বা মাথা ঢাকা হয় না। এর মূল কারণ হলো, শরিয়তের দৃষ্টিতে কবরেও তার ইহরামের অবস্থা বহাল থাকে। তাই হজের সফরে মৃত্যুকে ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সৌভাগ্যের মৃত্যু হিসেবে বিবেচনা করা হয়।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন