পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

অনলাইন ডেস্ক:আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। প্রতিবছর হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখে সুফি সাধক ও কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হযরত শাহ আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে এ দিনটি পালন করা হয়।

ফার্সি ভাষা থেকে আসা ‘ফাতেহা’ শব্দের অর্থ সুরা ফাতেহা পাঠ করা এবং ‘ইয়াজদাহম’ শব্দের অর্থ ১১ তারিখ। অর্থাৎ ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ এর শাব্দিক অর্থ দাঁড়ায় ১১ তারিখের ফাতেহা পাঠ। বড়পীর হযরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ইসলামের খেদমত ও সুফি সাধনার অসামান্য অবদানকে স্মরণ করে দিনটিতে মুসলমানরা কোরআন তিলাওয়াত, সুরা ফাতেহা পাঠ এবং দোয়ার মাধ্যমে তাঁর রুহের প্রতি ইসালে সওয়াব করে থাকেন।

এ দিবস উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জামে মসজিদ, খানকা, মাদ্রাসা ও ইসলামিক ধর্মীয় কেন্দ্রগুলোতে বিশেষ জিকির-আসকার, মিলাদ মাহফিল, কোরআন তিলাওয়াত এবং বড়পীর সাহেবের জীবন ও আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দিবসটির ধর্মীয় তাৎপর্য বিবেচনায় নিয়ে সারা দেশের সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আজ এক দিনের সাধারণ ছুটি বহাল রয়েছে।

মন্তব্য করুন