দারুল উলুম নিউইয়র্কে দাওরায়ে হাদিসের সবক উদ্বোধন
আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: আমেরিকার নিউইয়র্কের ঐতিহ্যবাহী দারুল উলুম মিলনায়তনে ১৪৪৭-৪৮ হিজরি/২০২৬-২৭ ইং শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিসের ‘সবক ইফতিতাহ’ (পাঠদান উদ্বোধন) অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় বাদ মাগরিব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহিহ বুখারি শরীফের হাদিস পাঠদানের মাধ্যমে সবক উদ্বোধন করেন ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারুল উলুম নিউইয়র্কের শাইখুল হাদিস ও প্রধান মুফতি এবং বাংলাদেশের বিমানবন্দরে অবস্থিত উচ্চতর ইসলামি গবেষণা প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।
উক্ত বরকতময় অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত বিশিষ্ট উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির মূল্যবান নসিহত ও পাঠদানের আগে উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
পরিশেষে উম্মাহর কল্যাণ ও সর্বাঙ্গীন সমৃদ্ধি কামনা করে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে মোবারক এ মজলিসের সমাপ্তি ঘটে।
এআইএল/সকালবেলা