সৌদির সেবায় খুশি হজ ও ওমরাহকারীদের ৯০ শতাংশের বেশি

সৌদির সেবায় খুশি হজ ও ওমরাহকারীদের ৯০ শতাংশের বেশি

রাকিব খান: ২০২৫ সালে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য প্রদত্ত সেবায় সন্তুষ্টির হার ৯০ শতাংশের বেশি ছাড়িয়েছে। সৌদি আরব জানিয়েছে, চলতি বছরে বিদেশ থেকে এক কোটি ৯৫ লাখেরও বেশি হজ ও ওমরাহ যাত্রী দেশটিতে আগমন করেছেন। 

ন্যাশনাল সেন্টার ফর পারফরম্যান্স ম্যানেজমেন্ট এডিএএ জানায়, এই রেকর্ড পরিসংখ্যান সৌদি আরবের ভিশন ২০৩০ লক্ষ্য অনুযায়ী হজ ও ওমরাহ সেবা ব্যবস্থার দ্রুত অগ্রগতিকে তুলে ধরে।

সৌদি সরকারের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ পিলগ্রিম সার্ভিস প্রোগ্রাম জানায়, এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হজ ও ওমরাহ উভয় মৌসুমেই প্রতিফলিত হয়েছে। 

হজযাত্রীদের সন্তুষ্টির হার ছিল ৯১ শতাংশ এবং ওমরাহ যাত্রীদের ক্ষেত্রে ৯৪ শতাংশ, যা পরিকল্পনা ও ব্যবস্থাপনার মান এবং ৬০টিরও বেশি সংস্থার সমন্বিত প্রচেষ্টার সফলতা নির্দেশ করে। এসব সংস্থা যাত্রীদের পুরো সফরজুড়ে সমন্বিত ও ব্যাপক সেবা দিতে একযোগে কাজ করেছে।

চলতি মৌসুমে ব্যাপক জনসম্পৃক্ততাও দেখা গেছে। নির্দেশনা, ব্যবস্থাপনা ও মানবিক সেবায় ১ লাখ ৮৪ হাজারের বেশি স্বেচ্ছাসেবক যুক্ত ছিলেন, যা সৌদি সমাজে দানশীলতা ও জাতীয় অংশীদারিত্বের চেতনাকে আরও দৃঢ় করেছে এবং হজযাত্রী সেবায় সামাজিক মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছে।

এ ছাড়া মক্কা ও মদিনায় নবীজির জীবনী সংশ্লিষ্ট ১৮টি ঐতিহাসিক স্থানের উন্নয়ন কাজও এগিয়ে গেছে। এতে হজ ও ওমরাহ যাত্রার আধ্যাত্মিক অভিজ্ঞতা আরও গভীর হয়েছে এবং ধর্মীয় সফরে বৌদ্ধিক ও সাংস্কৃতিক মাত্রা যুক্ত হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন