ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কার্ডিয়াক অ্যারেস্ট ও বার্ধক্যজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিনোদন ডেস্ক: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) ৯২ বছর বয়সী এই শিল্পীর কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই সুরসম্রাজ্ঞী। তার নাতনি জিনাল ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরিবারের পক্ষ থেকে বর্তমানে শিল্পীর ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে এবং ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীত জগতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আশা ভোসলে। হিন্দি সিনেমার পাশাপাশি বিশ্বের বিভিন্ন ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ভারত সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ প্রদান করে। এ ছাড়াও তিনি মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য দেশি-বিদেশি সম্মাননায় ভূষিত হয়েছেন। তার অসুস্থতার খবরে ভারতীয় সাংস্কৃতিক অঙ্গনসহ ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ