ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মধ্যস্থতায় সংলাপে যোগ দিতে ইসলামাবাদ পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল। শনিবার (১১ এপ্রিল) সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তানের রাজধানীতে পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তার সঙ্গে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
এর আগে শুক্রবার মধ্যরাতে ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। তার সঙ্গে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সূত্র জানায়, লেবাননে যুদ্ধবিরতিসহ নির্দিষ্ট শর্ত পূরণ ছাড়া কোনো সংলাপ নয় বলে আগেই জানিয়েছিলেন ইরানের স্পিকার। অন্যদিকে, এই সংলাপ রোববার পর্যন্ত গড়াতে পারে বলে আভাস পাওয়া গেছে। ইসলামাবাদে অবিশ্বাসের ছায়ার মধ্যেই এই আলোচনা শুরু হতে যাচ্ছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই সংলাপকে কেন্দ্র করে ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাকিস্তান এই আলোচনার মধ্যস্থতা করলেও ভঙ্গুর এই যুদ্ধবিরতি কতদিন টিকে থাকে এবং দুই পক্ষ কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ