ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রাণের দাবি 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়ন নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উত্তরবঙ্গবাসীর এই গভীর প্রত্যাশার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য আব্দুস সাত্তার তার পোস্টে লেখেন, “উত্তরবঙ্গের মানুষ জানতে চায়, তিস্তা মহাপরিকল্পনা কবে বাস্তবায়ন হবে?” তিনি উল্লেখ করেন যে, তিস্তা নদী উত্তরবঙ্গের লাখ লাখ মানুষের জীবন-জীবিকার প্রধান উৎস। অথচ প্রতি বছর বর্ষায় ভয়াবহ বন্যা আর শুষ্ক মৌসুমে পানির অভাবে এখানকার কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এই সংকট নিরসনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
এমপি আরও বলেন, এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের কৃষি, মৎস্য ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং সেচ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে।
তার ফেসবুক পোস্টে “চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগান যুক্ত করে তিনি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এর মাঠ পর্যায়ের অগ্রগতি নিয়ে জনমনে সংশয় রয়েছে। নীলফামারী, রংপুরসহ উত্তরাঞ্চলের সাধারণ মানুষ এখন এই প্রকল্পের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ