ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নিয়মিত টহল চলাকালীন বনদস্যুদের সঙ্গে বন বিভাগের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৬টার দিকে সংরক্ষিত বনাঞ্চলের কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বিকেলে কোবাদক স্টেশনের একটি বিশেষ টহল দল বনের ভেতরে সন্দেহভাজন কিছু দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পায়। বনকর্মীরা তাদের ধাওয়া করলে দস্যুরা পাল্টা আক্রমণের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বনদস্যুদের ছত্রভঙ্গ করতে বন বিভাগ ৭ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। গুলির শব্দে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি একনলা বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, বনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জড়িতদের শনাক্ত করতে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবনে জেলে ও মৌয়ালদের জানমালের নিরাপত্তায় টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, “রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত টহল চলাকালীন ৭-৮ জন দুষ্কৃতিকারীর মুখোমুখি হয় বন বিভাগ। আমাদের সদস্যরা সাহসিকতার সাথে তাদের প্রতিহত করেছে। বিষয়টি ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
উল্লেখ্য, গত ১ এপ্রিল মধু আহরণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বনদস্যুদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পর বন বিভাগের এই সফল অভিযান সুন্দরবনের ওপর নির্ভরশীল সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ